অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রচারণায় ভারতকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান। এই সিরিজটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের শেষ প্রস্তুতি পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সিরিজের প্রচারণায় ভারতকে কৌশলে খোঁচা না দিয়ে থাকতে পারেনি পিসিবি।
পিসিবির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক অস্ট্রেলীয় পর্যটক পাকিস্তানের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এবং দেশটির আতিথেয়তা উপভোগ করছেন। এক পর্যায়ে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা নিজেই সেই পর্যটকের রাতের খাবারের বিল পরিশোধ করেন এবং বলেন—
‘মেহমান হো জি, আপ হামারে (আপনি আমাদের অতিথি)।’
পর্যটক ‘শুকরিয়া’ জানিয়ে তার স্থানীয় বন্ধুকে বলেন, পাকিস্তানের আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। এরপর আরেক দৃশ্যে দেখা যায়, এক স্থানীয় ট্যাক্সিচালক অতিথির কাছ থেকে ভাড়া নিতে অস্বীকৃতি জানান।
ভিডিওর সবচেয়ে আলোচিত অংশ আসে শেষদিকে। ট্যাক্সি থেকে নেমে যাওয়ার সময় চালক পর্যটককে থামিয়ে বলেন,
‘মেট, হ্যান্ডশেক ভুলে গেছেন! মনে হচ্ছে পাশের দেশে থেকেছিলেন।’
এই সংলাপটি গত বছরের এশিয়া কাপে ভারতের সঙ্গে হাত মেলানো নিয়ে বিতর্কের দিকেই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পেহেলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে করমর্দন এড়িয়ে চলে, যা পরবর্তী কয়েকটি আন্তর্জাতিক ম্যাচেও দেখা গেছে।
অনেকে মনে করছেন, এই প্রোমো ভিডিওটি ভারতের সম্প্রচারকদের বহুল আলোচিত ‘মওকা মওকা’ বিজ্ঞাপনের পাল্টা জবাব। যেখানে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের সাফল্য নিয়ে ব্যঙ্গ করা হয়।
ভিডিওর শেষাংশে অস্ট্রেলীয় পর্যটক সালমান আঘাকে বলেন, পাকিস্তানে তিনি দারুণ সময় কাটাচ্ছেন, তবে অস্ট্রেলিয়া যদি টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারায়, তাহলে সেটা আরও ভালো হবে। জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা সাধারণত খুব অতিথিপরায়ণ। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে আমরা প্রস্তুত, মেট!’
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান–অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
