ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণসংযোগ শেষে এবার রাজধানী ঢাকায় বড় পরিসরের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১৪টি জনসভায় সরাসরি অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির চেয়ারম্যান তারেক রহমানের।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনে জনসভা করবেন তিনি। এদিন বেলা ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশের শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পরদিন সোমবার নিজ নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি স্থানসহ মোট আটটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এদিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন ও ধূপখোলা মাঠ ঘুরে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে কর্মসূচি শেষ করবেন তিনি।
