আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ভোটারদের যাতায়াত সহজ করতে সেদিন স্বাভাবিক সময়সূচি বজায় রেখেই ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটের দিন অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে প্রয়োজন অনুযায়ী ট্রেন বাড়ানো হবে।
বর্তমানে সাপ্তাহিক কর্মদিবসে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ভোর সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত ৯টা ১ মিনিটে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে যাত্রা করে। ভোটের দিন একই সময়সূচি বজায় রেখে অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
