ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের গোপনীয়তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে ভোটকেন্দ্রে কেবল পাঁচ শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবেন। তারা হলেন—প্রিজাইডিং অফিসার বা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান পুলিশ কর্মকর্তা, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী নির্দিষ্ট দুই আনসার সদস্য, নীতিমালা মেনে দায়িত্ব পালনরত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট ও সাধারণ ভোটার।

অন্যদিকে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের মোবাইল ফোন বহন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটের গোপন কক্ষে কোনো ব্যক্তি—ভোটার বা কর্মকর্তা—মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটের গোপনীয়তা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতোমধ্যে নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারির ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।