ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত আংশিক ও খণ্ডিত তথ্য নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে প্রদত্ত তথ্য দেখে নিরুৎসাহিত হওয়ার কিছু নেই।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোট প্রায় ৭ কোটি ভোটের মধ্যে ৩৮.৫০ শতাংশ ভোট অর্জন করেছে। প্রায় ২ কোটি ৭০ লাখ ভোটার এই জোটের প্রতি আস্থা রেখেছেন, যা তিনি গুরুত্বপূর্ণ জনসমর্থনের নিদর্শন হিসেবে দেখেন।
তিনি আরও বলেন, দলটি অতীতের অনেক রেকর্ড অতিক্রম করে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে যেখানে দলের আসনসংখ্যা মাত্র দুটি, সেখানে বর্তমানে কোটি মানুষের সমর্থন তাদের প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ।
ডা. শফিকুর রহমান বলেন, এটি একটি ঐতিহাসিক অগ্রযাত্রার সূচনা। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহি ও নীতিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সরকারকে জবাবদিহির আওতায় আনার জন্য গঠনমূলক ভূমিকা নিতে হবে এবং আগামী নির্বাচনে আরও বিস্তৃত জনসমর্থন অর্জনের প্রস্তুতি নিতে হবে।
তিনি যোগ করেন, সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া জরুরি। সবশেষে ডা. শফিকুর রহমান বলেন, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে এ পথচলা অব্যাহত থাকবে এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তাদের পরিপূর্ণ বিজয় দান করবেন।
