কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি: শপথ গ্রহণের পরই কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরাসরি চাঁদাবাজি রোধে সতর্কতা দিয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নিউ মার্কেট এলাকায় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ইজারাদারকে বলেন, “আপনি ইজারা তুলবেন বাজার থেকে। বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না। দেবিদ্বারে কোনো চাঁদাবাজি চলবে না। যদি আপনি বাজারের বাইরে যান, মানুষ আপনাকে ধরে পুলিশে তুলে দেবে।” তিনি আরও যোগ করেন, “কাল থেকে যদি চাঁদার জন্য আসে, ব্যবসায়ীরা তাকে বেঁধে খবর দেবেন। আপনার এলাকায় বাইরের চাঁদা দেওয়া চলবে না।”
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগের দেবিদ্বার পৌর কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান বাজারের ইজারা নিয়েছিলেন এবং তখন বাজারের বাইরের ফুটপাথে অবৈধ দোকান বসিয়ে চাঁদা আদায় করতেন। পরে বিএনপির সাবেক সহসভাপতি হাজী মো. শোধন মিয়া (শোধন ডিলার) এবং আরও কয়েকজন বাজারের ইজারা নিয়েছেন।
দেবিদ্বার এসিল্যান্ড ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন জানান, কাঁচা বাজারের ইজারা দেওয়া হয়েছে, কাউকে ফুটপাত ইজারা দেওয়া হয়নি। যারা পুনরায় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।
