বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দলটি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না এবং বহুদলীয় গণতন্ত্র ও পার্লামেন্টারি ব্যবস্থায় বিশ্বাসী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যান-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
ড. আবদুল মঈন খান বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে আমরা বিশ্বাস করি। একদলীয় বাকশাল শাসন এবং গণতন্ত্রের অভাব বিএনপি কখনো মেনে নেবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও যোগ করেন, “বিএনপি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের ধারাবাহিকতায় আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি এবং এ গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় কাজ চালিয়ে যাব।”
নরসিংদীর চার আসনের সাংসদরা ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ কার্যক্রমে অংশ নেন।
