হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের, তবে...

হরমুজ প্রণালি খোলার ঘোষণা ইরানের, তবে…

আন্তর্জাতিক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পথ দিয়ে জাহাজ চলাচল ইতিমধ্যে কমে গেছে। শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে এবং ইরান এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার কোনো পরিকল্পনা করছে না।

তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো জাহাজ যদি এ পথে চলাচলের চেষ্টা করে, তাহলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে এ প্রণালিতে ঝুঁকি বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই এ পথ দিয়ে নৌযান চলাচল কিছুটা কমে গেছে।

ইরানি ওই মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া অন্য কোনো জাহাজকে বাধা দেওয়া হবে না। তবে তাদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। তাই এখানে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।