রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী ১০ মার্চ থেকে কর্মসূচি কার্যক্রম শুরু হচ্ছে।
আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন।
রাষ্ট্রপতি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, চব্বিশের জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “শহিদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমরা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করছি।”
নারীর অবদান নিয়ে তিনি বলেন, দেশের জিডিপিতে নারীদের অংশগ্রহণ প্রায় ১৬ শতাংশ। গৃহস্থালি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প, কলকারখানা ও নির্মাণসহ সব ক্ষেত্রে নারীর অবদান অসামান্য। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির সুফল পেতে হলে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
রাষ্ট্রপতি বলেন, “নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। অনলাইনে নারীর চরিত্রহনন ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” তিনি কন্যাশিশুর ক্ষেত্রে বাল্যবিবাহকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, “এই চ্যালেঞ্জগুলো কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মোকাবিলা করতে হবে।”
তথ্য সূত্র : কালের কণ্ঠ
