মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ ২০২৬। এমনটাই জানিয়েছেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি। যুক্তরাষ্ট্রের ডালাসে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, বিশ্বকাপ এত বড় একটি আয়োজন যে এটি থেমে থাকার সুযোগ নেই। পরিস্থিতির সমাধান হবে এবং যারা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তারা সবাই অংশ নিতে পারবে বলে আশা করছে ফিফা।
বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে জড়িয়ে থাকায় বিষয়টি নিয়ে নজর রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফা জানিয়েছে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে তারা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইরান ইতোমধ্যে এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশর।
এই গ্রুপের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর। এতে অংশ নেবে ৪৮টি দল এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
