আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধুই শখ বা বিনোদন নয়, এটি এখন একটি পেশা হিসেবে বিশ্বব্যাপী গুরুত্ব পাচ্ছে। তাই তরুণ-তরুণীরা যারা খেলায় পারদর্শী এবং যারা খেলাধুলা থেকে আনন্দ পান, তাদেরকে যাতে তারা পছন্দের খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, স্বাধীনতার পর এই প্রথমবারের মতো খেলোয়াড়দের জন্য একটি সম্মানী কাঠামো চালু করা হচ্ছে। এর মাধ্যমে খেলোয়াড়রা অর্থনৈতিকভাবে নিরাপদভাবে খেলাধুলা চালিয়ে যেতে পারবে। তিনি বলেন, শুধুমাত্র ক্রিকেট বা ফুটবল নয়, অন্যান্য খেলাগুলোকেও পেশাদারভাবে এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও জানান, এই নতুন কুঁড়ি স্পোর্টসে সাতটি খেলার ওপর ফোকাস করা হবে। প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে উন্নত প্রশিক্ষণ দিয়ে তাদের আন্তর্জাতিক পর্যায়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক ইভেন্টে দেশের জন্য সম্মান বয়ে আনবেন।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
