শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষা

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আবারও টানা তিনদিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রবিবার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

খ্রিস্টান ধর্ম মতে, এই দিনে যিশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। এর আগে গুড ফ্রাইডেতে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। মৃত্যুর তৃতীয় দিনে পুনরুত্থানের ঘটনাকে স্মরণ করেই ইস্টার সানডে পালন করা হয়।

সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, ইস্টার সানডের আগের দিনগুলো—শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল)—সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিনদিন বন্ধ থাকবে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস মিলিয়ে পাঠদান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিনদিন অনলাইনে এবং বাকি তিনদিন সশরীরে ক্লাস নেওয়া হবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে।

জানা গেছে, অনলাইন ক্লাস চালুর বিষয়টি নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হলে টানা তিনদিনের ছুটি শেষে নতুন পদ্ধতিতে ক্লাস শুরু হতে পারে।