এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডে পাঠানো সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ২৪ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষাসহ পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী নম্বরফর্দ প্রস্তুত করতে হবে। কেন্দ্র সচিবদের আগামী ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর এবং ধারাবাহিক মূল্যায়নের নম্বর অনলাইনে এন্ট্রি নিশ্চিত করতে হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ড জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী এসএসসি ২০২৬ পরীক্ষায় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪৭) এবং ক্যারিয়ার শিক্ষা (১৫৬) বিষয়ের মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে সম্পন্ন হবে।
নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ে মোট ৫০ নম্বর এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ৫০ নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।
অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ে মোট ১০০ নম্বর এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ৫০ নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে বিষয় সংশোধন করা হয়েছে এবং সংশোধিত বিষয় তালিকায় রোল নম্বর না থাকলে ‘Insert New Roll’ অপশনের মাধ্যমে নম্বর এন্ট্রি করতে হবে। একই সঙ্গে পূর্বের বিষয়ে ‘A’ এন্ট্রি দিতে হবে।
ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের নম্বর অনলাইনে দেওয়ার আগে তা যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। নম্বর এন্ট্রির একটি প্রিন্ট কপি কেন্দ্র সচিবদের সংরক্ষণ করতে হবে। তবে এ সংক্রান্ত কোনো হার্ডকপি শিক্ষা বোর্ডে জমা দেওয়ার প্রয়োজন হবে না।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ব্যবহারিক কিংবা ধারাবাহিক মূল্যায়নের নম্বর এন্ট্রির কোনো সুযোগ থাকবে না বলেও সতর্ক করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
