গর্ভাবস্থায় ‘দেবী’, সন্তান জন্মের পরেই ‘মোটা’— বিস্ফোরক মন্তব্য কিয়ারার

গর্ভাবস্থায় ‘দেবী’, সন্তান জন্মের পরেই ‘মোটা’— বিস্ফোরক মন্তব্য কিয়ারার

বিনোদন

মা হওয়ার পর জীবন যে পুরোপুরি বদলে যায়, সেই অভিজ্ঞতার কথা আবারও তুলে ধরলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করার পাশাপাশি সন্তান জন্মের পর নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও তিনি কথা বলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মা হওয়ার অভিজ্ঞতা তার ব্যক্তিগত জীবন, চিন্তাভাবনা এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে। তার মতে, মাতৃত্ব একজন নারীর মানসিক ও ব্যক্তিগত বিকাশে গভীর প্রভাব ফেলে।

তিনি বলেন, মা হওয়ার অভিজ্ঞতা সব দিক থেকেই আলাদা। এই সময়টা তাকে আরও গভীরভাবে জীবন ও সম্পর্ককে বুঝতে শিখিয়েছে। তিনি আশা করেন, কাজের ক্ষেত্রে পরিচালকরা তার এই পরিবর্তিত দিকটিও বিবেচনায় নেবেন।

তবে মাতৃত্বের ইতিবাচক দিকের পাশাপাশি সমাজের দ্বিমুখী আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কিয়ারা। তিনি বলেন, গর্ভাবস্থায় নারীদের প্রশংসা করা হলেও সন্তান জন্মের পর অনেক সময় তাদের শরীর ও চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু হয়।

তার ভাষায়, গর্ভাবস্থায় সবাই সুন্দর বললেও সন্তান জন্মের পর মুহূর্তেই মন্তব্য বদলে যায়, ওজন বা শারীরিক পরিবর্তন নিয়ে সমালোচনা করা হয়।

কিয়ারা মনে করেন, সন্তান জন্মের পর সময়টি একজন নারীর জন্য সবচেয়ে সংবেদনশীল। এই সময়ে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক চাপও বেশি থাকে। তাই এ সময় নারীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, মাতৃত্ব-পরবর্তী নারীদের শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকা জরুরি।