হন্ডুরাসের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস সমস্যা থাকায় একাদশে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
রবিবার (৭ জুন) অনুষ্ঠিতব্য ম্যাচে মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও থাকছেন না। ফলে নতুন কিছু সমন্বয় নিয়ে দল সাজানোর সুযোগ পাচ্ছেন স্কালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজকে একসঙ্গে খেলানোর চিন্তা করছেন কোচ। বিশ্বকাপের আগে এই জুটির কার্যকারিতা যাচাই করাই মূল লক্ষ্য।
সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন হেরোনিমো রুলি। রক্ষণভাগে দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি এবং জিয়ানলুকা জিয়াইকে। মিডফিল্ডে থাকবেন থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পল।
অন্যদিকে আক্রমণভাগে লাউতারো মার্তিনেজের সঙ্গী হিসেবে সুযোগ পেতে পারেন হোসে ম্যানুয়েল লোপেজ।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন স্কালোনি। বিশেষ করে মেসির অনুপস্থিতিতে বিকল্প খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন এবং স্কোয়াডের গভীরতা যাচাইয়ের সুযোগ হিসেবে এই ম্যাচকে কাজে লাগাতে চান তিনি।
