লেবানন সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই দক্ষিণ লেবাননে একটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ জুন) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের জেফতা-কফারওয়া সড়কে একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়। হামলার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতায় অনুষ্ঠিত একাধিক বৈঠকের পর ইসরায়েল ও লেবানন সরকার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। উভয় পক্ষের এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল।
তবে যুদ্ধবিরতির ঘোষণার অল্প সময়ের মধ্যেই সংঘটিত এই হামলা সমঝোতার ভবিষ্যৎ ও স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো চলমান শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি উদ্যোগের সমালোচনা করেছে। ইসরায়েলের অন্যতম প্রধান দাবি অনুযায়ী, লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সশস্ত্র যোদ্ধাদের প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান জানা যায়নি।
ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
