দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ে পৌঁছান তিনি।

এর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘সামার দাভোস’ বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিসহ প্রায় ১ হাজার ৭০০ জন অংশগ্রহণ করেন।

চীন সফরের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দাভোস সম্মেলনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তিন দিনের সরকারি সফরে গত ২২ জুন মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তার চীনের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতায় নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।