কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

বিনোদন

মুক্তির আগেই বক্স অফিসে দাপট দেখাতে শুরু করেছে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’। অগ্রিম টিকিট বিক্রিতে ১৫ কোটির বেশি রুপি আয় করে ইতোমধ্যেই তামিল চলচ্চিত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে ছবিটি।

চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে ‘জন নয়াগণ’ আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিংয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে পৌঁছেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই ছবিটির অগ্রিম বুকিংয়ে বড় উল্লম্ফন দেখা যায়। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে গতি কিছুটা ধীর থাকলেও শেষ সময়ে তা দ্রুত বাড়তে থাকে।

তামিলনাড়ুতেই সবচেয়ে বেশি বুকিং স্যাকনিল্কের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যভিত্তিক অগ্রিম টিকিট বিক্রিতে শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক, যেখানে বুকিং থেকে এসেছে প্রায় ৪ কোটি ৮৮ লাখ রুপি। কেরালা থেকেও আয় হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ রুপি।

ভাঙতে পারে বিজয়ের আগের রেকর্ড অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘জন নয়াগণ’ এখন থালাপতি বিজয়ের ব্লকবাস্টার সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (GOAT)-এর রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়বে। তাদের পূর্বাভাস, শুধুমাত্র ভারতেই প্রথম দিনে সিনেমাটির আয় ৫০ থেকে ৬০ কোটি রুপি হতে পারে। শেষ মুহূর্তের বুকিং প্রত্যাশা ছাড়িয়ে গেলে সেই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।

এছাড়া বিশ্বব্যাপী প্রথম দিনের আয়েও নতুন রেকর্ড গড়ে তামিল সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ওপেনিং করার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’ সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় তারকা।