ভুয়া অ্যাকাউন্ট, নকল ছবি এবং সাইবার প্রতারণা রোধে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এবার সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ব্যাজের মাধ্যমে সহজেই বোঝা যাবে কোনো অ্যাকাউন্টটি প্রকৃত ব্যক্তির নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি মেটার পেইড ‘মেটা ভেরিফায়েড’ সেবার অংশ নয়; বরং নির্ধারিত শর্ত পূরণ করলে সাধারণ ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনা মূল্যে ব্যাজটি পাবেন।
ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও জমা দিয়ে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। ফেসবুক ওই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করবে।
ব্যাজ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে
- ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে সক্রিয় থাকতে হবে।
- প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকলে ব্যাজ দেওয়া হবে না।
- ফেসবুক পেজ ও প্রফেশনাল মোড অ্যাকাউন্ট এই সুবিধার আওতায় থাকবে না।
- মেটার সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন করতে হবে।
পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি ফেসবুক মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মেও ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।
বর্তমানে ফিচারটি বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।
