শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

জাতীয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে সরকার কেবল ‘আস্ফালন’ হিসেবে দেখছে। তার দাবি, বাস্তবে দেশে ফিরে আসার সক্ষমতা শেখ হাসিনার নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সরকার কোনো ধরনের ভূরাজনৈতিক সংকটে নেই বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে দেশের খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং টমেটো ও কাঁচামরিচের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে সরকার আশা করছে।

বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের ওপর চাপ বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।