প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর হিসেবে উল্লেখ করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে বলেই আপসহীন নেত্রী খালেদা জিয়ার নীতি ও আদর্শ ভুলে গেলে চলবে না।
দলীয় নেতারা বলেন, ওয়ান-ইলেভেনের সময় এবং আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে খালেদা জিয়া রাজনৈতিক কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি। তার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
