জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার উঠছে বড় পর্দায়। আর সিনেমাটিতে আবারও দর্শকদের প্রিয় চরিত্র মুন্না ভাইয়া হিসেবে ফিরছেন অভিনেতা দিব্যেন্দু। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’র।
‘মির্জাপুর’ সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র মুন্না ভাইয়া। তাই চরিত্রটির প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সম্প্রতি সিনেমায় মুন্না ভাইয়া হয়ে ফেরার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন দিব্যেন্দু।
অভিনেতার কাছে এই চরিত্রে ফিরে আসা শুধু নতুন কোনো কাজ নয়; বরং জীবনের পুরোনো একটি অধ্যায়ে ফিরে যাওয়ার মতো অনুভূতি। একই সঙ্গে চরিত্রটিতে ফেরার আনন্দের পাশাপাশি কিছুটা নার্ভাসও তিনি।
দিব্যেন্দু জানান, দর্শকরা মুন্না ভাইয়াকে এবার কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে তার মধ্যে কৌতূহল রয়েছে। জনপ্রিয় এই চরিত্রে আবার অভিনয় করে তিনি চরিত্রটির প্রতি যথাযথ সুবিচার করতে পেরেছেন কি না, সেটিও ভাবাচ্ছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যেন্দু বলেন, সিনেমার মাধ্যমে মুন্না ভাইয়া হয়ে ফিরে আসা তার কাছে অনেকটা ‘পূর্ণচক্রে ফিরে আসার’ মতো। চরিত্রটি নিয়ে তার মধ্যে অনেক আবেগ কাজ করছে এবং সিনেমাটি মূলত ভক্তদের জন্য বলেও জানান তিনি।
দিব্যেন্দু আরও বলেন, নিজের চরিত্রগুলোকে দর্শকদের কাছে বাস্তব ও মানবিক করে তুলতে তিনি পছন্দ করেন। একই ধরনের চরিত্রে আটকে না থেকে নতুন ধরনের ভূমিকায় কাজ এবং অভিনয়ে ঝুঁকি নিতে তার ভালো লাগে। ক্যারিয়ারে শক্তিশালী ও চ্যালেঞ্জিং চরিত্র পাওয়াকে নিজের সৌভাগ্য বলেও মনে করেন তিনি।
‘মির্জাপুর: দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। সিনেমাটিতে দিব্যেন্দুর সঙ্গে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, হর্ষিতা গৌর, শ্রিয়া পিলগাঁওকর, শিবা চাড্ডা ও রাজেশ তৈলাংসহ আরও অনেকে।
ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার ও টিজারে মুন্না ভাইয়ার উপস্থিতি দেখা গেছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর প্রিয় চরিত্রটিকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ‘মির্জাপুর’-এর ভক্তরা।
