উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি ও মৎস্যপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীতে আয়োজিত ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষি ও মৎস্য খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ক্ষতিকর উপাদানের ঝুঁকি কমানো জরুরি। এ জন্য প্রাকৃতিক ও পরিবেশবান্ধব রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি মাটি, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ ছাড়া কৃষি ও মৎস্যপণ্যে হেভি মেটালের ঝুঁকি কমাতে গবেষকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, গবেষক, উৎপাদক ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপরও জোর দেন বক্তারা।
