নতুন রূপে হাজির হয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিচিত অবয়ব ও সাজসজ্জার আদলে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ব্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে খালেদা জিয়ার আদলে সাজে দেখা যায় তাকে।
ভিডিওটির ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। একই সঙ্গে তিনি খালেদা জিয়াকে গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন।
ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থান ও স্টুডিওতে। এতে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরে ক্যামেরার সামনে হাজির হন চমক। তার সাজসজ্জা ও উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে বেশ মিল রয়েছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, কিছু মুহূর্তে তাকে দেখে খালেদা জিয়ার কথাই মনে হয়েছে।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পরিচিতি পান। এরপর ২০২০ সালের দিকে ছোটপর্দায় অভিনয় শুরু করেন তিনি।
‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত ব্লগিংও করছেন চমক। বিভিন্ন বিষয় নিয়ে তার ভিডিও প্রকাশ হয়ে থাকে।
এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় আসেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন চমক।
