দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
রোববার (৩০ আগস্ট) মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন মির্জা আব্বাস। দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানান তার একান্ত সচিব।
মিজানুর রহমান সোহেল বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা এবং মহান আল্লাহর রহমতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
তিনি আরও জানান, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন শারীরিক জটিলতার কারণে মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন তিনি।
