‘শিল্প কোনো পাপ নয়, শিল্পীর পরিচয়কে অসম্মান করা সভ্যতার শিক্ষা নয়’: প্রভা

‘শিল্প কোনো পাপ নয়, শিল্পীর পরিচয়কে অসম্মান করা সভ্যতার শিক্ষা নয়’: প্রভা

বিনোদন

দীর্ঘ অভিনয়জীবন একজন শিল্পীকে এনে দেয় পরিচিতি, খ্যাতি, অর্থ, সম্মান ও দর্শকের ভালোবাসা। তবে ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ কিংবা ধর্মীয় কারণে অনেকেই একসময় অভিনয়জীবন থেকে সরে দাঁড়ান। এমন সিদ্ধান্তকে সম্মান জানালেও নিজের অতীত পেশা কিংবা পুরো শিল্পাঙ্গনকে ‘ভুল’ বা ‘পাপ’ হিসেবে দেখার বিষয়ে আপত্তি জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, কোনো পরিচয় যদি একজন মানুষকে একসময় সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

প্রভা মনে করেন, অভিনয় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত অনেক মানুষ শিক্ষিত ও সম্মানের সঙ্গে এই পেশাকে ধারণ করছেন। এখনো অসংখ্য শিল্পী অভিনয়কে ভালোবেসে নিয়মিত কাজ করছেন এবং এটি তাঁদের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎস। নিজেদের পেশা ও শিল্পচর্চাকে সঙ্গে নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন।

কারও কাছে অভিনয় বা সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো না লাগলে তিনি চাইলে এই পেশা থেকে সরে দাঁড়াতে পারেন—এমন মতও দিয়েছেন প্রভা। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে শিল্পাঙ্গনের অন্য মানুষকে ছোট করার অধিকার কারও নেই বলে মনে করেন তিনি।

নিজের বক্তব্যে প্রভা বলেন, অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কারও সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়। যারা শিল্প ও সংস্কৃতির জগতে আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধ নিয়ে আসার পাশাপাশি নিজের পরিচয়ের প্রতিও সম্মান থাকা প্রয়োজন।

সম্প্রতি একজন অভিনেত্রী অভিনয় ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন প্রভা। এর আগে একজন অভিনেতাও ধর্মীয় অনুশীলনে মনোযোগ দেওয়ার কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

এসব ঘটনাকে ঘিরেই নিজের মত প্রকাশ করতে গিয়ে শিল্পের মর্যাদা প্রসঙ্গে প্রভা বলেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। এটা একটি সংস্কৃতি।’ তাঁর মতে, একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা হতে পারে না।