ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১২৫২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১২৫২

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন মৃত চারজনের মধ্যে দুজন ঢাকার দুটি সিটি করপোরেশনের অধিবাসী এবং বাকি দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৫২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৫৩২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে ইতিমধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তথ্যমতে, চলতি বছরের মোট ১১১ জন মৃতের মধ্যে কেবল আগস্ট মাসেই ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং সেপ্টেম্বরের শুরুর দুই দিনে মারা গেছেন ১০ জন।