১২ বছর পর পর্দায় দেব-শুভশ্রী, ফিরল পুরনো প্রেমের রসায়ন

১২ বছর পর পর্দায় দেব-শুভশ্রী, ফিরল পুরনো প্রেমের রসায়ন

বিনোদন

দীর্ঘ এক যুগ পর আবারও পর্দায় ফিরেছে দেব-শুভশ্রী জুটির সেই পরিচিত রোমান্টিক রসায়ন। ‘দেশু ৭’ সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের পর পুরনো দিনের প্রেমের স্মৃতিতে ফিরে গেছেন এই জুটির অনুরাগীরা।

লাদাখের মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশে দেব ও শুভশ্রীর রোমান্টিক উপস্থিতি দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাঁদের জনপ্রিয় সিনেমা ‘চ্যালেঞ্জ’ ও ‘পরান যায় জ্বলিয়া রে’-এর সময়কার সেই চেনা জুটিকে।

শুক্রবার সন্ধ্যায় দেব ও শুভশ্রী তাঁদের নতুন সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক পোস্ট প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। রোববার সেই আগ্রহ আরও বাড়িয়ে দেন দুই তারকা।

যৌথ এক পোস্টে তাঁরা জানিয়েছিলেন, সোমবার সকালে অনুরাগীদের সঙ্গে নিয়ে একসঙ্গে ঘুরতে বের হবেন। প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার সকাল ৯টায় লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মধ্যে অনুরাগীদের সঙ্গে যুক্ত হন তাঁরা। সেখানেই প্রকাশ পায় ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’।

গানটি প্রকাশের পরই দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্য নিয়ে শুরু হয় আলোচনা। দীর্ঘ ১২ বছর পর পর্দায় তাঁদের একসঙ্গে দেখে অনেকেই ফিরে গেছেন ক্যারিয়ারের শুরুর দিকের সেই সময়টায়, যখন এই জুটির প্রেমের গল্প ও রোমান্টিক দৃশ্য দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করত।

সময়ের সঙ্গে দেব ও শুভশ্রী দুজনেই ব্যক্তিজীবন ও পেশাগত দিক থেকে অনেকটাই পরিণত হয়েছেন। সিনেমার প্রথম আনুষ্ঠানিক প্রচারে দেব নিজেও তাঁদের পরিবর্তনের কথা তুলে ধরেছেন। এমনকি তিনি মন্তব্য করেছেন, শুভশ্রী এখন যে পরিণতিতে পৌঁছেছেন, সেই পরিণতিটা যদি আগেও থাকত, তাহলে হয়তো তাঁদের সম্পর্কের গল্প অন্যরকম হতে পারত।

তবে পর্দায় তাঁদের নতুন রসায়ন দেখে বয়সের হিসাব ভুলে গেছেন দর্শক। লাদাখের পাহাড়ি পথে দেব-শুভশ্রীর রোমান্টিক উপস্থিতি আবারও অনুরাগীদের মনে তৈরি করেছে পুরনো দিনের আবেগ।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেব ও শুভশ্রীর মজার কথোপকথনও নজর কেড়েছে। সম্প্রতি মা-বাবাকে নিয়ে টাকিতে ঘুরতে গিয়েছিলেন দেব। সেই পারিবারিক ছুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেখানে মজার মন্তব্য করেন শুভশ্রী।

পুরনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ টেনে শুভশ্রী দেবকে রসিকতা করে মন্তব্য করেন। জবাবে দেবও দেন মজার উত্তর। তাঁর সেই মন্তব্য আবার ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’-এর কথার সঙ্গে মিলে যায়।

পর্দার রোমান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের এমন খুনসুটি দেব-শুভশ্রী জুটিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ বিরতির পর এই জুটির প্রত্যাবর্তন নিয়ে এখন দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।