একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, ১০ দিনেও মেলেনি সন্ধান

একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, ১০ দিনেও মেলেনি সন্ধান

দেশ জুড়ে রাজশাহী

রাজশাহীর বাগমারায় বাড়ি থেকে একসঙ্গে বের হওয়ার পর একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ লামিয়া (১৯) ও মোছা. আশা বিবির ১০ দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ দুই গৃহবধূ হলেন উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। সম্পর্কে তাঁরা জা।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তাঁরা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি।

পরিবারের সদস্যরা তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ও সম্ভাব্য অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে সন্ধান চালান। তবে এখন পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর দুই পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়। ১০ দিনেও তাঁদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাঁদের খুঁজে বের করতে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে।