হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ৩৪১ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মৃত্যুই হামের উপসর্গজনিত হিসেবে নথিভুক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২২৮ জনকে হামের উপসর্গ নিয়ে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ জনে। একই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রায় ১ লাখ ৮৮ হাজার।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।