বাংলাদেশ-জার্মানি সহযোগিতা বাড়ানোর আগ্রহ

বাংলাদেশ-জার্মানি সহযোগিতা বাড়ানোর আগ্রহ

জাতীয়

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতি এবং অভিবাসন ও জনচলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও জার্মানি।

বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান জার্মান রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও জনচলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের আগ্রহের কথা জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্ব আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন।

বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার প্রসঙ্গ তুলে ধরে জার্মান রাষ্ট্রদূত বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই আশা প্রকাশ করে, উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।