জমকালো আয়োজনে ঢাকা পর্বের উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা

জমকালো আয়োজনে ঢাকা পর্বের উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা

খেলাধুলা দেশ জুড়ে বাংলাদেশ

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে টাঙ্গাইলের মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি। আজ সকালে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে সিরাজগঞ্জের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রমীলা ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে আঞ্চলিক ফাইনালে উঠেছে দলটি। মোনালিসার হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন ইভা আক্তার।

ম্যাচসেরা হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ইভা বলেন, ‘ভাবতেই পারিনি সেরার পুরস্কার পাব। তবে আমরা যেভাবে খেলেছি, আশা করি আমরা চূড়ান্ত পর্বে উঠব এবং আরও অনেক দূর যাব।’

রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম পর্বের পর এবার ঢাকায় শুরু হয়েছে এই নারী ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ শেষে আয়োজন করা হয় ঢাকা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। তিনি টুর্নামেন্টের আয়োজন ও পরবর্তী ধাপের পরিকল্পনা তুলে ধরেন।

উৎপল শুভ্র জানান, ঢাকার বাইরের পাঁচটি অঞ্চল থেকে ইতিমধ্যে ছয়টি দল চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। ঢাকা অঞ্চল থেকে আরও দুটি দল চূড়ান্ত পর্বে উঠবে। আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালসহ চূড়ান্ত পর্বের খেলা। ঢাকা অঞ্চলের বাকি ম্যাচ এবং চূড়ান্ত পর্বের খেলাও সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

ঢাকা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা, কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী, জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার এবং সাবেক খেলোয়াড় খুরশিদা খাতুন।

এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির, স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।

খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা বলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়েরা ভবিষ্যতে আরও ভালো করবেন—এটাই তাঁদের প্রত্যাশা। একই সঙ্গে খেলার জন্য সুন্দর মাঠের ব্যবস্থা করে দেওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যকে ধন্যবাদ জানান তিনি।

নারী ফুটবলের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক এম আর কবির। তাঁর আশা, তরুণ নারী ফুটবলারেরা নিজেদের প্রতিভা ও দক্ষতা দিয়ে দেশের ফুটবলকে আরও এগিয়ে নেবেন।

নারী ফুটবলের বিকাশে গণমাধ্যমের উদ্যোগ

স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল বলেন, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে প্রথম আলো ও স্টার নিউজ শুধু সংবাদ প্রচার নয়, সমাজের ইতিবাচক পরিবর্তন ও বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরার ক্ষেত্র তৈরিতেও কাজ করছে। নারী ফুটবল টুর্নামেন্ট সেই উদ্যোগের অংশ।

প্রথম আলো গত তিন বছর ধরে ছেলেদের আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে। ওই টুর্নামেন্টের ঢাকা অঞ্চল ও চূড়ান্ত পর্বের খেলাও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয়।

এবার নারী ফুটবলের এই আয়োজনের ঢাকা অঞ্চলের দুই দিনের পর্বে অংশ নিচ্ছে আটটি দল। সূচি অনুযায়ী, আজ তিনটি এবং আগামীকাল আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।