নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। দুর্গাপূজা উদ্যাপন করতে গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগে এই চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সুখন চৌধুরী (৫০)। চুরি হওয়া টাকা দিয়ে একটি ডাইং কারখানা কেনার পরিকল্পনা ছিল তাঁর।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে চুরির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সুখন চৌধুরী।
সুখন চৌধুরী নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে। স্ত্রী ও সন্তানদের নিয়ে গত পাঁচ বছর ধরে নরসিংদীর ওই ফ্ল্যাটে বসবাস করছেন তিনি।
সুখন চৌধুরী জানান, ডাইং কারখানা কেনার জন্য গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা বাসার আলমারিতে রেখেছিলেন। কারখানা কেনার কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। একই আলমারিতে তাঁর স্ত্রীর আট ভরি স্বর্ণালংকারও রাখা ছিল।
তিনি বলেন, জীবনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি ডাইং কারখানা করার। কিন্তু চোরেরা তাঁর সেই স্বপ্ন ভেঙে দিয়েছে।
সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, দুর্গাপূজা উপলক্ষে গত রোববার দুপুরে বাসায় তালা দিয়ে তাঁরা গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাত আটটার দিকে নরসিংদীর বাসায় ফিরে দেখেন, চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলা যাচ্ছে না। তালা কাটার পরও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান।
এরপর স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে ঢোকেন সুখন। তিনি ফ্ল্যাটের দরজা খুলে দিলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এ সময় আসবাবপত্র ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। আলমারি ভেঙে সেখানে রাখা ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
