১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি জাতীয় সংসদ অধিবেশনেই এ-সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষার আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে।
এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সঠিক ব্যবহার ও বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
