দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং রোগীদের শয্যাসংকট কমাতে গত আট মাসে ৩ হাজার ৪৮টি শয্যা বৃদ্ধি করেছে সরকার। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নেওয়া বিভিন্ন সিদ্ধান্তসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদনও দিয়েছে সরকার। যথাক্রমে ১৫ মে ও ১৪ জুন এ অনুমোদন দেওয়া হয়।
যেসব হাসপাতালে বেড়েছে শয্যাসংখ্যা
গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। অর্থাৎ হাসপাতালটিতে নতুন করে ৬০০টি শয্যা যুক্ত হয়েছে।
এর আগে ২১ মে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়। এতে প্রতিটি হাসপাতালে ৫০০টি করে শয্যা বৃদ্ধি পায়।
এ ছাড়া ১৩ জুলাই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়েছে। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে ৪০০-তে উন্নীত করা হয়।
ওই দিন রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যাও ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। পাশাপাশি রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
জুন মাসে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। এ ছাড়া ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যাও ৫০টি বৃদ্ধি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫১ শয্যার পরিকল্পনা
দেশের উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে জুন মাসে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার। পরে ১২ আগস্ট সেই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।
এ ছাড়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বৃদ্ধি করা হয়েছে। রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া এবং ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে।
বিশেষায়িত হাসপাতালেও বাড়ানো হয়েছে শয্যা
রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। অন্যদিকে, তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সক্ষমতা বাড়িয়ে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে নতুন করে ১১৫টি শয্যা যুক্ত করা হয়েছে।
শয্যাসংকট কমাতে সরকারের উদ্যোগ
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে কাজ করছে।
তিনি বলেন, হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে আসা রোগীরা যাতে শয্যাসংকটে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।
