গাজায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষার সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ‘ফিলিস্তিনি পেলে’ খ্যাত ফুটবলার সুলাইমান আল-ওবাই। সম্প্রতি ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানালেও তাদের শোকবার্তায় মৃত্যুর কারণ ও ইসরায়েলি বাহিনীর ভূমিকা উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ।
উয়েফা এক্স (টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে আল-ওবাইদকে মেধাবী ফুটবলার আখ্যা দেয় এবং অন্ধকার সময়েও শিশুদের আশার আলো দেখানোর প্রশংসা করে। তবে পোস্টে ইসরায়েলি হামলার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া সালাহকে ক্ষুব্ধ করে। শেয়ার করা পোস্টে সালাহ প্রশ্ন তোলেন— কীভাবে, কোথায় এবং কেন এই মৃত্যু ঘটল।
৪১ বছর বয়সী আল-ওবাইদ তার ক্যারিয়ারে ১০০’র বেশি গোল করেছেন, যা তাকে ফিলিস্তিনি ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত করেছে। ১৯৮৪ সালের ২৪ মার্চ গাজায় জন্ম নেওয়া এই স্ট্রাইকার খাদামাত আল-শাতি ক্লাবে ফুটবল শুরু করেন। পরে তিনি পশ্চিম তীরের মারকাজ শাবাব আল-আম’রি এবং গাজা স্পোর্ট ক্লাবেও খেলেন।
২০০৭ সালে ফিলিস্তিন জাতীয় দলে অভিষেকের পর তিনি ২৪ ম্যাচ খেলেন এবং দুটি গোল করেন। তার অন্যতম স্মরণীয় গোল ছিল ২০১০ সালের পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে একটি দুর্দান্ত সিসার-কিক।
ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ফুটবল সম্প্রদায়ের অন্তত ৩২১ জন নিহত হয়েছেন।
