ভারতে দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন

ভারতে দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন

জাতীয়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের মতো চলতি বছরও শর্তসাপেক্ষে এই পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অফিস সময়ের মধ্যে হার্ডকপিতে আবেদন জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় দলিল জমা দিতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা আগেই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন জমা দিতে হবে।

গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রথমে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল, পরে সেটি ২,৪২০ মেট্রিক টনে সীমিত করা হয়েছিল।