ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে দেখা যাবে না, তবে ডাকসু, জাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে তার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ডাকসু নির্বাচন ভালোভাবে চলছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি এবং গণমাধ্যমেও কোনো অপ্রীতিকর ঘটনা প্রকাশ পায়নি। এটা সত্যিই আনন্দের খবর।”
তিনি আরও জানান, ডাকসু ও জাকসুসহ যে অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে, সেগুলোও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
