শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

জাতীয়

শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ করতে দেশে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি জ্বালানি তেলের ওপর চাপ কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার হ্রাস করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ধাপে শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানো হয়েছে। ভবিষ্যতে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।

এর আগে ২৭ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্কসহ সব ধরনের কর অব্যাহতি থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব বাস শিক্ষাপ্রতিষ্ঠান নিজে বা অন্য কোনো সংস্থার মাধ্যমে আমদানি করতে পারবে। তবে বাসগুলো অবশ্যই হলুদ রঙের হতে হবে এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দ স্পষ্টভাবে লিখে রাখতে হবে।

সরকারের এই উদ্যোগকে পরিবেশবান্ধব ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।