ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের মালিকানাধীন আরামিট গ্রুপের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।
দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন:
মো. আবদুল আজিজ – আরামিট পিএলসির এজিএম ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী।
উৎপল পাল – আরামিট পিএলসির এজিএম (একাউন্টস)।
দুদক জানায়, আজিজ মামলার এজহারভুক্ত আসামি এবং তদন্তে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় উৎপলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, উৎপল পাল জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও তদারকির দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার ল্যাপটপ ও মোবাইল থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে, যা ফরেনসিক করার জন্য আদালতে অনুমতি চাওয়া হয়েছে। উৎপল দুবাই ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের মূল মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত হয়েছেন।
আজিজ হলেন জাবেদ পরিবারের আরামিট থাই অ্যালুমিনিয়ামে সম্পত্তি ক্রয়, বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় ইউসিবিএল ব্যাংক এবং আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
