বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে আওয়ামী লীগ সমর্থকরা এখন ডিম ছোড়ার মতো অপকর্মে লিপ্ত হচ্ছে। এসব কর্মকাণ্ড তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে তুলবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
এর আগে অনুষ্ঠানে আমীর খসরু জানান, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে স্বাস্থ্যসেবার পরিধি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
এসময় তিনি আরও বলেন, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা বন্ধ করতে নতুন প্রজন্মের ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
