বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, রাজনীতিতে তার পথচলা সহজ ছিল না। ১৯৭৭ সাল থেকে রাজনীতিতে সক্রিয় থেকে বহু ঘাট পেরিয়ে তিনি আজ এই পর্যায়ে এসেছেন। অথচ অনেকে কোনো সংগ্রাম ছাড়াই অল্প সময়ে নেতা হয়ে উঠেছেন, যা তিনি মেনে নিতে পারেন না। তার ভাষায়, তারা রক্ত দিয়ে নেতা হয়েছেন, আর অন্যরা কিছু তরুণের রক্তের বিনিময়ে হঠাৎ করে নেতৃত্বে উঠে এসেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, বর্তমান প্রতিদ্বন্দ্বীরা পরামর্শ গ্রহণে আগ্রহী নয়। তাদের আচরণ ও বক্তব্য নির্বাচন উপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি। ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ থাকলেও এবারের নির্বাচন উপভোগ করা কঠিন হয়ে পড়েছে বলে জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলত বিরোধী পক্ষের আচরণের কারণে। জামায়াতে ইসলামীসহ তাদের সহযোগীদের কর্মকাণ্ড নির্বাচনবান্ধব নয়। বরং এমন আচরণ দেখা যাচ্ছে যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
মির্জা আব্বাস আরও বলেন, প্রতিপক্ষের বক্তব্য ও আচরণ নিয়ে কথা বলাও কঠিন হয়ে পড়েছে, কারণ তারা প্রায়ই বিষয়কে ভিন্নভাবে ব্যাখ্যা করে। তিনি জানান, এসব অনিয়ম ও অসংগত আচরণের বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জমা দিয়েছেন।
তার মতে, কথাবার্তা, আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে ঢাকা-৮ আসনে এখনো একটি সহনীয় নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি।
