শেখ হাসিনা মা'ম'লা'র যুক্তিতর্ক সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর অফিসের ফেসবুক পেজে সাইবার হামলা

শেখ হাসিনা মা’ম’লা’র যুক্তিতর্ক সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর অফিসের ফেসবুক পেজে সাইবার হামলা

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। সরাসরি সম্প্রচার চলাকালে রবিবার (১২ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।

দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিসেবল হয়ে গেলেও তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “আমাদের যুক্তিতর্কে তথ্য-প্রমাণসহ নৃশংসতার যে বিবরণ তুলে ধরা হচ্ছে, তা যাতে বিশ্ববাসী জানতে না পারে—এই কারণেই সাইবার হামলা চালানো হয়েছে।”

তাজুল ইসলাম আরও বলেন, অপরাধীরা স্বচ্ছ বিচার প্রক্রিয়া দমন করতে চাইছে। “তারা চায় না মানুষ জানুক বিচার কতটা প্রমাণভিত্তিক ও স্বচ্ছ। কিন্তু আমরা দৃঢ়ভাবে এটি মোকাবিলা করছি,” যোগ করেন তিনি।

চিফ প্রসিকিউটর সতর্কবার্তা দিয়ে বলেন, “অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, তেমনি অপরাধীকে রক্ষার চেষ্টা সফল হবে না। আমরা প্রতিহিংসা নয়, ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি।”

বর্তমানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক চলছে। প্রথমে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন করা হচ্ছে, এরপর আসামি পক্ষের বক্তব্য শোনা হবে এবং শেষে খণ্ডন করবেন প্রসিকিউটররা। কয়েক কার্যদিবস এই শুনানি চলবে, এরপর মামলাটি রায় পর্যায়ে যাবে।