দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে, যার প্রেক্ষিতে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপটি গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।
