যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন

যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, যারা বাংলাদেশে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন চায় না, তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে। তিনি এই মন্তব্য করেছেন শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “চট্টগ্রামে হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যেত। বিএনপি রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ অঙ্গীকারের সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবে।”

তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “রাজনৈতিক বিতর্ক হতে পারে, কিন্তু ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ঐক্য থাকলে জাতীয়ভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব।”

সালাহউদ্দিন আরও জানান, “ইনকিলাব মঞ্চের উদ্যোগে ঐক্য মঞ্চে যে আহ্বান দেওয়া হয়েছে, সেখানে বিএনপি অংশগ্রহণ করবে। তবে হাদির ওপর আরও হামলার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না। বিচ্ছিন্ন এ ধরনের ঘটনার মাধ্যমে যদি পতিত ফ্যাসিবাদ নির্বাচনকে রুখতে চায়, তা সম্পূর্ণ ভুল ধারণা।”

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুইজন দুর্বৃত্ত। গুরুতর আহত ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে রাত ৯টায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।