নিউমুরিং টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের কর্মবিরতি

নিউমুরিং টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের কর্মবিরতি

চট্টগ্রাম দেশ জুড়ে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের ডাকা কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো চলছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কর্মসূচি শুরু হলেও প্রথম দিনের তুলনায় আজ এর প্রভাব কিছুটা কম দেখা যাচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগ শ্রমিক কাজে যোগ দেওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম অনেকটাই সচল রয়েছে। তবে শ্রমিক নেতাদের ভাষ্য, তাদের একটি বড় অংশ এখনো কাজ বন্ধ রেখে আন্দোলনে রয়েছে। দাবি আদায়ের অংশ হিসেবে সকাল ১১টায় আগ্রাবাদ এলাকা থেকে কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে বন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। তবে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী প্রচার-প্রচারণা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে বন্দরের কার্যক্রমে অস্থিরতা সৃষ্টির অভিযোগে চার শ্রমিককে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করা হয়। পাশাপাশি কর্মবিরতির কারণে সম্ভাব্য আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শনিবার শ্রমিকরা ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের দাবি, জাতীয় গুরুত্বপূর্ণ এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে দেশীয় শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।