ভেনেজুয়েলার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক মতপার্থক্য নিরসনের লক্ষ্যে দেশটিতে সফর করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছান দেশটিতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লরা ডগু ও তার সঙ্গে থাকা কয়েকজন কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লরা ডগু নিজেই এই সফরের বিষয়টি নিশ্চিত করেন।
লরা ডগু একজন অভিজ্ঞ কূটনীতিক। এর আগে তিনি হন্ডুরাস ও নিকারাগুয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন।
কারাকাসে পৌঁছালে মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানান ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আলোচনার মাধ্যমে বিদ্যমান মতপার্থক্য দূর করার দিকেই গুরুত্ব দেওয়া হবে।
মার্কিন প্রতিনিধি লরা ডগুও এক পোস্টে জানান, কারাকাসে কাজ শুরু করতে তিনি ও তার প্রতিনিধি দল প্রস্তুত। কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটিতে নিজেদের অবস্থান জোরদারের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মাদুরোর ক্ষমতাচ্যুতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসন ভেনেজুয়েলার শাসনব্যবস্থা পরিচালনা করবে এবং দেশটির তেল উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
এর আগে গত বুধবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, লরা ডগু কারাকাস থেকেই নেতৃত্ব দেবেন এবং শিগগিরই ভেনেজুয়েলার সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র।
