টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান-ভারত সংকট: আইসিসির জরুরি বৈঠকে অংশ নিলেন বিসিবি সভাপতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান-ভারত সংকট: আইসিসির জরুরি বৈঠকে অংশ নিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

পাকিস্তান ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জরুরি বৈঠক ডেকেছে। বৈঠকে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার জানায়, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিতব্য বৈঠকে পাকিস্তান ছাড়াও আইসিসির অন্যান্য সদস্য দেশ, যার মধ্যে বাংলাদেশও রয়েছে, অংশ নেবে। পাকিস্তান সরকারের নির্দেশে ভারতের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় এই সংকট তৈরি হয়েছে।

জিও সুপার জানায়, বৈঠকের পাশাপাশি বুলবুল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে তিনি সন্ধ্যায় বাংলাদেশে ফিরবেন।

এর আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, আইসিসি পাকিস্তানকে তাদের অবস্থান পুনর্বিবেচনায় রাজি করাতে বিকল্প কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পিসিবির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ খেলাধুলা থেকে রাজনীতি দূরে রাখার আহ্বান জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খাওয়ার বিষয়ে ফেডারেল সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে আমরা খেলব না। খেলাধুলায় রাজনীতির কোনো জায়গা নেই।’