টাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

ঢাকা দেশ জুড়ে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার দিন সোমবার (৯ ফেব্রুয়ারি) ওই গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার চারজন ব্যক্তি ভোট চাইতে যান।

ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন শহিদুল, সোহেল, এনামুল ও আল আমিন। অভিযোগ সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকায় গৃহবধূ তাদের চলে যেতে বলেন। এরপর অভিযুক্তরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। গৃহবধূ ও তার পরিবার ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, শহিদুল গৃহবধূকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন, অন্যরা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালান।

গৃহবধূ চিৎকার করলে আশেপাশের লোকজন চলে আসায় অভিযুক্তরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা হুমকি দেন, কেউ বিষয়টি জানালে গৃহবধূকে ধরে নেবে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগটি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে মন্তব্য করেছেন। অপরদিকে ভূঞাপুর থানার এসআই মেরাজুল ইসলাম রুবেল জানিয়েছেন, অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।