বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপি নেতা রাজন শিকদারকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে সেখানে যান রাজন শিকদার। এ সময় তিনি কেন্দ্র থেকে প্রায় ৪০০ গজ দূরে অবস্থান করছিলেন। হঠাৎ সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাকে আটক করে এবং পরে গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার সময় উপস্থিত কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, তারা ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং কিছু সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করা হয়।
রাজন শিকদারকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের কয়েকজন নারী সদস্য সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়।
পরে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন ঘটনাস্থলে পৌঁছান। তার সঙ্গে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে করে রাজন শিকদারকে বাবুগঞ্জ উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা জানান, পরে বিস্তারিত জানানো হবে।
